দীর্ঘ ৪০ বছর দায়িত্ব পালনের পর ৭০ বছর বয়সী এক মুয়াজ্জিনকে ব্যতিক্রমী আয়োজনে রাজকীয় বিদায় জানিয়েছেন গ্রামবাসী। ফুলের পাপড়িতে সাজানো ব্যক্তিগত গাড়িতে, মাথায় পাগড়ি পরিয়ে এবং শরীরে আতরের সুগন্ধ মাখিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন মসজিদের মুসল্লিরা।
শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব ফটিকছড়ি জামে মসজিদ প্রাঙ্গণে এ আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদায়ী মুয়াজ্জিনের নাম আলহাজ আবুল কালাম মিয়াজী। তিনি দীর্ঘ ৪০ বছর ধরে ওই মসজিদের মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
পূর্ব ফটিকছড়ি আশার আলো একতা সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মসজিদ পরিচালনা কমিটি ও মুসল্লিরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় গ্রামবাসীর পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও এক লাখ টাকা উপহার দেওয়া হয়।
পরে ফুলের পাপড়িতে সাজানো একটি ব্যক্তিগত গাড়িতে করে তাকে সম্মানের সঙ্গে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিদায়বেলায় কান্নাজড়িত কণ্ঠে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন আবুল কালাম। দীর্ঘদিন ধর্মীয় দায়িত্ব পালন করা একজন মানুষকে এমন সম্মানজনক বিদায় জানানোর ঘটনায় এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। তরুণদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা।