নববর্ষে বিএসএফকে মিষ্টি উপহার দিলো বিজিবি

বাংলা নববর্ষ ১৪৩১ উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়।

রবিবার (১৪ এপ্রিল) দুপুর ১টায় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫মেইন পিলার এর ১১ নং সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় বিজিবি বিএসএফকে মিষ্টি উপহার দেয়।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন ভারতের হিলি বিএসএফের ক্যাম্প কমান্ডার এসআই বানারস দাশের হাতে উপহারের মিষ্টি তুলে দিয়ে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকে বিজিবিকে নববর্ষের শুভেচ্ছা জানানো হয়।

পরে তারা দুই বাহিনীর পক্ষ থেকে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় সেখানে বিজিবি ও বিএসএফের নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি চেকপোস্ট কমান্ডার নায়েব সুবেদার দেলোয়ার হোসেন জানান, বাংলা নববর্ষ উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের রায়গঞ্জ বিএসএফ ব্যাটালিয়ন অধিনায়কসহ বিভিন্ন ক্যাম্পের জন্য সর্বমোট চার প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।

সীমান্তে দুই বাহিনীর মাঝে সৌহার্দ্য,সম্প্রীতি, ভ্রাতত্ববোধ বজায় রাখতে প্রতি বছর দুই দেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোয় দুই বাহিনীর পক্ষ থেকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হিলি সীমান্তে দীর্ঘদিন ধরেই এই ধরনের রেওয়াজ চলে আসছে বলে জানিয়েছে বিজিবি।