মাদক মামলায় ছাড়া পেয়েই সাংবাদিককে মারধর

বরিশালের উজিরপুরের শোলক ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ সরদারের ছেলে ফাইম সরদার (২৪) মাদক মামলায় ছাড়া পেয়েই উজিরপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক  দৈনিক নয়া দিগন্ত পত্রিকার উজিরপুর উপজেলা সাংবাদদাতা রবিউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাকে বেধড়ক মারধর ও তার মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। গতকাল (রবিবার) রাত সাড়ে ১০টার দিকে ধামুড়া টেম্পু স্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটেছে।

সাংবাদিক রবিউল ইসলাম বলেন, শোলক ইউনিয়নের ইউপি সদস্য সিরাজ সরদারের ছেলে ফাইম মাদক কারবারির সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত ২৪ মার্চ বরিশাল জেলা  ডিবি পুলিশ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেন। এ সময় তার দুই সহযোগিকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ছবিসহ ভুক্তভোগী সাংবাদিক দৈনিক নয়া দিগন্ত পত্রিকায় সংবাদ প্রকাশ করেন। তারই জেরে জেল থেকে ছাড়া পাওয়ার পরেই ফাইম তার দলবলসহ গত ১৪ এপ্রিল রবিবার রাতে ওই সাংবাদিকের ওপর হামলা করেন। এ সময় তাকে মারধরসহ তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেন এবং মোটরসাইকেল ভাঙচুর করেন।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহম্মেদ বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।