চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে বইছে তীব্র তাপপ্রবাহ। আজ মঙ্গলবার বিকেলে এই জেলায় ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমে এখন পর্যন্ত সর্বোচ্চ। এতে অতিষ্ট জনজীবন।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪১.৯ ডিগ্রি পর্যন্ত তীব্র তাপপ্রবাহ। তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে তাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়। চলতি মৌসুমে এই জেলায় অতি তীব্র তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
চুয়াডাঙ্গার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় ৪০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা চলতি মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ২৭ শতাংশ।
জেলায় চলমান এই তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
আবহাওয়া অধিদপ্তররের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টার পূর্ববর্তী ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা জেলায় ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই সময়ে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল খেপুপাড়ায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস।
মঙ্গলবার সকাল থেকেই ভয়াবহ তাপ ছড়াচ্ছিল সূর্য। রোদের তাপে শরীর পুড়ে যাওয়ার অনুভূতি ছিল দিন মজুরসহ শ্রমজীবীদের। তবে তীব্র তাপপ্রবাহের কারণে সড়কে প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেখা যায়নি।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, চুয়াডাঙ্গার ওপর দিয়ে তীব্র তাপ্রবাহ বয়ে চলছে। এ অবস্থা আরও কিছুদিন চলতে পারে। তবে এখনই বৃষ্টির সম্ভবনা নেই।