গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ শুক্রবার বিকেল ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫.৯ ডিগ্রি সেলসিয়াস। এতে করে দিনের বেলায় তীব্র গরমে জনজীবনে অস্বস্তি বেড়েছে। অন্যদিকে জেলায় ১ ঘণ্টা পরপর লোডশেডিংয়ের অভিযোগ করছেন শহরবাসী। আবার গ্রামে লোডশেডিং হচ্ছে আরও বেশি।
এদিন দুপুর ৩টায় বাতাসের আর্দ্রতা ছিল ৫২ শতাংশ, ফলে ভ্যাপসা গরমে মানুষের ভোগান্তি আরও বেড়েছে। প্রয়োজন ছাড়া মানুষকে বাইরে বের না হওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং রোদ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যবিভাগ।
তীব্র গরম ও লোডশেডিংয়ে খোলা জায়গায় কাজ করা শ্রমজীবী মানুষ, শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন। অনেকেই ছায়াযুক্ত স্থানে বিশ্রাম নিচ্ছেন এবং ঠাণ্ডা পানি ও শরবত পান করে গরম থেকে স্বস্তি পাওয়ার চেষ্টা করছেন। আগামীকাল থেকে গরম কিছুটা কমে আসবে বলে জানিয়েছে গোপালগঞ্জ আবহাওয় অফিস।
এদিকে বৃষ্টি নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে—এমন অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।