গুলিবিদ্ধসহ আহত ৭

বিয়ে বাড়িতে হামলার জেরে দুই পক্ষের সংঘর্ষ

বিয়ে বাড়িতে হামলার ঘটনার জের ধরে মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে নারী ইউপি সদস্যের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে সদরের মোল্লাকান্দি ইউনিয়নের ঢালীকান্দি গ্রামে এ সংঘর্ষ হয়।

এতে গুলিবিদ্ধসহ সাতজন আহত হয়েছেন। ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সুমা আক্তার ও ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ডলি বেগমের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 

আহতদের মধ্যে গুলিবিদ্ধ হয়েছে সিফাত (২০) নামের এক যুবক। এ ছাড়া ককটেল বিস্ফোরণে আহত আম্বিয়া খাতুনকে (৬০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ছবি : সংগৃহীত

পুলিশ ও স্থানীয়রা জানান, মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী ও সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার মধ্যে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধের জের ধরে ঢালীকান্দি গ্রামে বর্তমান ইউপি চেয়ারম্যানের অনুসারী সংরক্ষিত নারী ইউপি সদস্য ডলি বেগমের সমর্থক বাহারউদ্দিনের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষ সাবেক ইউপি চেয়ারম্যান মহসিনা হক কল্পনার অনুসারী ৪ নম্বর ওয়ার্ডের সদস্য সুমা আক্তারের সমর্থিত লোকজন। আগেরদিন সোমবার বাহারউদ্দিনের ছেলে আশিকের বিয়ে সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিয়ে উপলক্ষ্যে ওই বাড়িতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। হামলা চালিয়ে ওই বিয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরে বিয়ে বাড়িতে হামলার ঘটনার জের ধরে উভয় পক্ষের লোকজনের মধ্যে গোলাগুলির সূত্রপাত হয়। 

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান জানান, মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘাতের সৃষ্টি হয়। বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।