মোহামেডান-উষা ম্যাচ পাতানো, দাবি মেরিনার্সের

প্রিমিয়ার ডিভিশন হকি লিগের শেষটা যত ঘনিয়ে আসছে, ততই উত্তাপ ছড়াচ্ছে হকি অঙ্গনে। শিরোপা নিয়ে চলছে ত্রিমুখী লড়াই। মোহামেডান, আবাহনী ও মেরিনার্সের যে কারও ঘরে যেতে পারে শিরোপা। যেটা নির্ধারিত হবে আগামী শুক্রবার লিগের শেষ দিনে। এর আগে মোহামেডান ও ঊষার মধ্যে হওয়া সুপার লীগের মঙ্গলবারের ম্যাচ নিয়ে প্রশ্ন তুলেছে মেরিনার্স।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে ম্যাচটাকে পাতানো উল্লেখ করে বিবৃতি দিয়েছে ক্লাবটি। সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে সেই ম্যাচের গোলের হাইলাইটস। যেটাতে ৬-৫ গোলে জিতে মোহামেডান ভালোভাবেই জিইয়ে রেখেছে শিরোপা স্বপ্ন।

“প্রকা‌শ্যে পাতা‌নো ম‌্যাচ”- শিরোনামে মেরিনার্স দাবী করেছে, মোহা‌মেডা‌নের ছয় গো‌লের চার‌টিতেই ছিল ঊষার গোলরক্ষক অসী‌ম গোপের ‘একক কৃ‌তিত্ব’। মেরিনার্স আরও দাবী করে, সাইড লাই‌নে ম‌্যা‌চ চলাবস্থায় মোহা‌মেডা‌নের ম‌্যা‌নেজার আরিফুল হক প্রিন্সকে ঊষার ম‌্যা‌নেজা‌রের (রফিকুল ইসলাম কামাল) নাম ধ‌রে চিৎকার ক‌রে বল‌তে শোনা যায়, ‘ওই ....কি কর‌তে‌ছো, ফোন পাওনি?’ উত্ত‌রে ঊষার ম‌্যা‌নেজার‌কে বল‌তে শোনা যায়, ‘দেখ‌তে‌ছি, একটু দাঁড়া।’ 

মেরিনার্স দাবী করে ম‌্যা‌চের শুরুর দুই মি‌নি‌টে দুই গো‌ল হজ‌মের পর গোলরক্ষ‌কের ভূ‌মিকা নি‌য়ে মা‌ঠেই প্রশ্ন তো‌লেন ঊষার দে‌শি-বি‌দেশী খেলোয়াড়রা। এছাড়া কিছু ইঙ্গিত থেকে ম্যাচটিকে পাতানো দাবী করেছে মেরিনার্স। যেমন- ম‌্যা‌চের শেষ ৪ মি‌নি‌টে যখন ২ গোল ক‌রে ঊষা টপ গিয়া‌রে, মোহা‌মেডান বেকায়দায়, তখনই দি‌নের সেরা পারফর্মার ঊষার ভারতীয় খে‌লোয়াড়‌কে তু‌লে নেয়া হয় মাঠ থে‌কে। হকি নিয়ে এসব নোংড়ামি বন্ধের দাবীও জানায় মেরিনার্স সেই পোস্টে।

আসলে দিন যত ঘনিয়ে আসছে তিন দল মাঠের বাইরেও চেষ্টা করছে একে অপরকে ঘায়েল করার। তারই অংশ হিসেবে মোহামেডান-ঊষা ম্যাচকে নিয়ে প্রশ্ন তুলেছে মেরিনার্স। তবে তাদের তোলা প্রশ্ন অবান্তর দাবী করেছেন মোহামেডানের অধিনায়ক রাসেল মাহমুদ জিমি।