ইউরোপীয় ধাঁচে মোহামেডান পরিচালনার পরিকল্পনা

আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:২৪ পিএম

দেশের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৯০ বছর পূর্তি উপলক্ষে বড় আয়োজনের ঘোষণা দিয়েছে ক্লাবের নতুন পরিচালনা পর্ষদ। রবিবার মতিঝিলে ক্লাবের কার্যালয়ে নতুন বোর্ডের প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ভবিষ্যৎ পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, ফুটবল-হকি-ক্রিকেট দল গঠন এবং ক্লাবের আর্থিক স্বনির্ভরতা নিয়ে নানা সিদ্ধান্ত তুলে ধরেন কর্মকর্তারা।

সভাপতি বরকতউল্লাহ বুলু বলেন, ‘এ বছর মোহামেডান ৯০ বছরে পা দিয়েছে। নয় দশকের এই আয়োজন আমরা মহাআয়োজনের মধ্য দিয়ে করতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান অতিথি করার ইচ্ছা রয়েছে। তিনি সময় দিলে তার সুবিধাজনক সময়েই অনুষ্ঠান আয়োজন করা হবে।’ তিনি জানান, ক্লাবের ইতিহাসে এবারই সবচেয়ে শক্তিশালী পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় মোহামেডানকে আরও এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশের ক্রীড়াঙ্গনে মোহামেডানের ঐতিহ্য ধরে রাখতে দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাও তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে ক্লাবকে ইউরোপীয় ধাঁচে পরিচালনার পরিকল্পনার কথাও জানানো হয়। কর্মকর্তারা বলেন, দেশের বিভিন্ন জেলায় মোহামেডানের ফ্যান ক্লাব ও সাংগঠনিক কমিটি গঠন করা হবে। যেখানে কমিটি নেই, সেখানে নতুন করে খেলাধুলার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে কমিটি গঠন করা হবে।

অবকাঠামোগত উন্নয়নের অংশ হিসেবে সাভারে ২৫ একর জায়গার ওপর ক্লাবের নতুন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি মতিঝিলে ক্লাবের নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে আয়ের নতুন উৎস তৈরির লক্ষ্যে একটি শক্তিশালী ডেভেলপমেন্ট কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কমিটির চেয়ারম্যান হিসেবে সাবেক গণপূর্তমন্ত্রী মির্জা আব্বাসের নাম ঘোষণা করা হয়। ক্লাব কর্মকর্তারা জানান, মতিঝিলের বর্তমান জায়গা স্থায়ীভাবে ক্লাবের সম্পত্তি হিসেবে নিশ্চিত করতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

আগামী মৌসুমে শক্তিশালী ফুটবল দল গঠনের ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেন কর্মকর্তারা। ফুটবল কমিটির চেয়ারম্যান হিসেবে শিল্প উদ্যোক্তা মোস্তফা কামালের নাম ঘোষণা করে তারা বলেন, তার নেতৃত্বে প্রতিযোগিতামূলক দল গড়া সম্ভব হবে। হকিতেও শক্তিশালী দল গঠনের পরিকল্পনার কথা জানানো হয়। কর্মকর্তারা বলেন, মোহামেডান ঐতিহ্যগতভাবেই হকিতে শক্তিশালী দল গড়ে এবং এবারও তার ব্যতিক্রম হবে না।

ক্রিকেট দল নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন ক্লাব কর্মকর্তারা। তারা বলেন, চলমান মৌসুমে দল ভালো খেলছে এবং সামনে আরও ভালো ফলের প্রত্যাশা রয়েছে। ক্রিকেট কমিটির সঙ্গে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে কর্মকর্তারা বলেন, ক্লাবের বিভিন্ন পৃষ্ঠপোষকের সহযোগিতায় শক্তিশালী দল গঠন সম্ভব হয়েছে।

সংবাদ সম্মেলনে ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের ভেন্যু নিয়েও কথা বলেন কর্মকর্তারা। তারা জানান, কোনো ক্লাবের নিজস্ব মাঠে ফাইনাল আয়োজন হলে প্রতিপক্ষ দল মানসিক চাপে থাকে। এজন্য নিরপেক্ষ ভেন্যু চেয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে চিঠি দেওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন প্রসঙ্গে কর্মকর্তারা জানান, মোহামেডানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একজন কাউন্সিলর মনোনয়নের জন্য চিঠি পাঠানো হয়েছে। তবে বোর্ড সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়নি বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনের শেষ দিকে কর্মকর্তারা আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। এখন থেকে ক্লাবের কেন্দ্রীয় অনুমোদন ছাড়া দেশের কোথাও মোহামেডানের লোগো ব্যবহার করা যাবে না। ক্লাবের ব্র্যান্ড ও ঐতিহ্য রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত