পঁচিশেই নাটোর জেলা ছাত্রলীগ সম্পাদক শাহীনের মৃত্যু

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাহীন মারা গেছেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

বিষয়টি নিশ্চিত করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম। তাকে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার আরো অবনতি হলে রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি নাটোর জেলা ছাত্রলীগের ঘোষিত কমিটিতে ফরহাদ বিন আজিজকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছিল শরিফুল ইসলাম শাহীনকে। তার মৃত্যুতে কেন্দ্রীয় ছাত্রলীগসহ নাটোর জেলা আওয়ামী লীগের নেতারা শোক প্রকাশ করেছেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।