সীতাকুণ্ডে ঝরনার পানিতে ডুবে তাহমিদ মুনতাসির চৌধুরী (১৮) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট সহস্রধারা ঝরনায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম নিহতের লাশ উদ্ধার করে। নিহত তাহমিদ রাউজার উপজেলার গহিরা ইউনিয়নের মৃত এরশাদ হোসেন চৌধুরীর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তির সাথে তার আরও দুই বন্ধু সহস্রধারা ঝরনায় সাঁতার কাটতে নামে। এক পর্যায়ে অপর দুই বন্ধু সাঁতরে উপরে উঠতে পারলেও একজন লেকের পানিতে ডুবে যায়। তখন উপস্থিত লোকজন স্থানীয় চেয়ারম্যান রেহান উদ্দিনকে খবর দিলে তিনি ফায়ার সার্ভিসকে বিষয়টি জানান। পরবর্তীতে ফায়ার সার্ভিসের একটি টিম নিহতের লাশ উদ্ধার করেন।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, একজন পর্যটক পানিতে ডুবে যাওয়ার খবর পেয়ে আমরা তার লাশ উদ্ধার করে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করি।
সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন বলেন, এই ঘটনায় কোনো পক্ষের অভিযোগ না থাকায় পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের লাশ বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়েছে।