সীতাকুণ্ডে আইআইইউসি শিক্ষার্থী নিহত: মহাসড়ক ও রেললাইন অবরোধ

আপডেট : ০৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ পিএম
চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করেছেন।
 
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ শুরু করেন। এর আগে সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
 
নিহত মাইশা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। তিনি মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে।
 
 
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ক্লাস শেষে বাড়ি ফেরার জন্য বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় তাদের পাশে এসে দাঁড়ায় স্থানীয় রুটের একটি যাত্রীবাহী মিনিবাস। কিছুক্ষণ পর পেছন থেকে দ্রুতগতির একটি লরি মিনিবাসটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে সড়কের পাশে অপেক্ষমাণ শিক্ষার্থীদের ওপর পড়ে। এ ঘটনায় মাইশাসহ তিনজন আহত হন।
 
 
দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজেও ঘটনার দৃশ্য দেখা গেছে। ফুটেজে সড়কের পাশে শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকতে এবং তাদের পাশে একটি যাত্রীবাহী মিনিবাস থামতে দেখা যায়। কিছুক্ষণ পর একটি লরি মিনিবাসটিকে ধাক্কা দিলে সেটি উল্টে শিক্ষার্থীদের ওপর পড়ে যায়।
 
পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন। আহত অপর দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
 
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বিষয়টি নিশ্চিত করে বলেন, সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামনে সড়ক দুর্ঘটনায় মাইশা গুরুতর আহত হন। তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
শিক্ষার্থী নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মঙ্গলবারের সব ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
 
এদিকে, দুর্ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা মহাসড়কের উভয় লেন ও রেললাইন অবরোধ করে রাখেন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর ২ টায় অবরোধ চলছিল।
সর্বশেষ সর্বাধিক পঠিত