গতবার প্রথম পর্বে টানা জয়ের পর শেখ জামালের কাছে এসে হেরে গিয়েছিল আবাহনী। দুদলই ১০ জয় করে নিয়ে শুরু করেছিল সুপার লিগ। শেষ ম্যাচে শেখ জামালকে হারিয়ে শিরোপা জিতেছিল আবাহনী।
কিন্তু এবার প্রায় জাতীয় দল নিয়ে শক্তিশালী আবাহনীর কাছে পাত্তাই পাচ্ছে না কোন দল। শেখ জামালও পারলো না। মিরপুরে আজ শেষ রাউন্ডের ম্যাচে একই পাড়ার প্রতিবেশি ক্লাবকে শরিফুল-তাসকিনরা মাত্র ৮৮ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের জয় তুলে নিয়েছে আকাশী-নীল জার্সিধারীরা। এই জয়ে প্রথম পর্বেই ঢাকা প্রিমিয়ার লিগে শিরোপা প্রায় নিশ্চিত করে ফেললো আবাহনী।
১১ খেলার সবকটিতে জিতে আবাহনীর সংগ্রহ ২২। খুব কাছের দলের চেয়েও ৬ পয়েন্টে এগিয়ে তারা। সুপার সিক্সে দুটি জয় পেলেই আবাহনীকে আর ধরতে পারবে না কেউ। আর এই আবাহনীকে হারানোর মতো শক্তিশালী কাউকে দেখা যাচ্ছে না।
আবাহনীর পেসারদের দারুণ বোলিংয়ে অল্পতেই থামে শেখ জামালের ইনিংস। ৭ ওভারে ১ মেডেনসহ ৩৫ রান দিয়ে ৪ উইকেট নেন শরিফুল ইসলাম। তাসকিন আহমেদ নেন ২টি উইকেট। জামালের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন সৈকত আলী। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান আসে ইয়াসির আলী চৌধুরীর ব্যাট থেকে।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই মারমুখী হন আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখ। তাতে ১০.২ ওভারেই জেতে আবাহনী। বিজয় ৩টি করে চার ও ছক্কায় ২২ বলে অপরাজিত ৩৭ রান করেন। নাঈম ৪০ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৫৩ রান করেন।