নবজাতককে দুধ খাওয়াবেন কোন অবস্থানে

একজন মাকে নবজাতককে বুকের দুধ পান করানোর সময় কিছু বিষয় জানতে হয়। বুকের দুধ খাওয়ানোর শুরুতে প্রথম দু-তিন দিন বুকে দুধ কম আসবে। এই বিষয়টি না জানায় অনেকে ফর্মুলা এবং ফিডার খাওয়াতে শুরু করে দেন। লক্ষণীয়, শিশুর প্রথম দিন থেকেই বেশি পরিমাণে দুধ খাওয়াতে থাকলে শিশুর কিডনির ওপরে চাপ পড়ে। শারীরিক সুবিধার জন্যই জন্মের পর প্রথম দুই থেকে তিন দিন মায়ের বুকে ঘন আঠালো হলুদ রঙের শালদুধ তৈরি হয়। পরিমাণে অল্প থাকলেও অতি উচ্চমাত্রার পুষ্টিগুণ ও প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন এবং শিশুর পরিপূর্ণ প্রয়োজন মেটাতে সক্ষম। প্রথম কয়েক দিন প্রতিবার দুধ খাওয়ানোর সময় পাঁচ থেকে সাত মিলি শাল দুধই শিশুর জন্য যথেষ্ট।

দুধের প্রবাহ শুরু জন্য শিশুকে বারবার মায়ের বুকে লাগাতে হবে। শিশুকে যদি মায়ের কাছ থেকে দূরে রাখি এবং একটু পরপর মাকে চেক করে দেখি যে, দুধ নামল কিনা বা আমরা যদি ধরে নেই যে, বুকের দুধ নামলেই শিশুকে মায়ের বুকে লাগাব তাহলে কিন্তু ঠিক হবে না। শিশুকে জন্মের পরপরই মায়ের বুকে লাগাতে হবে অতি দ্রুত, পারলে গর্ভফুল প্রসব হওয়ার আগেই। বুকে লাগানোর পরে শিশুটি মাকে স্পর্শে এবং গন্ধে চিনবে, মায়ের দুধ টানবে। এতে তাড়াতাড়ি বুকে দুধের প্রবাহ বাড়বে এবং বুকে দুধ জমে মা ব্যথা পাবেন না। প্রতিটি মায়ের শিশুকে পেট ভরে বুকের দুধ পান করানোর ক্ষমতা আছে, এমনকি যমজ শিশু হলেও। কখনো শিশুকে সঠিকভাবে বুকে না লাগানোর ফলে বাচ্চা কান্নাকাটি করতে পারে।

যেসব কারণে শিশু অতিরিক্ত কান্নাকাটি করে সেটি হচ্ছে, শিশুর পেটে ব্যথা যেটাকে আমরা ইনফ্যান্টাইল কোলিক বলি। শিশু কান্নাকাটি করা সত্ত্বেও শিশু দিনে ছয় থেকে আটবার মোটামুটি পরিমাণে প্রস্রাব করছে, দিনে দু-একবার পায়খানা করছে, হাসিখুশি থাকছে এবং শিশুর ওজন প্রতিদিন প্রতি কেজিতে কমপক্ষে দশ গ্রাম করে বাড়ছে তাহলে ধরে নিতে হবে শিশু যথেষ্ট দুধ পাচ্ছে। মা আরামদায়ক অবস্থায় পিঠে হেলান দিয়ে বসবেন বা মা যদি চান শুয়ে একদিকে কাত হয়েও বাচ্চাকে খাওয়াতে পারেন। মা যদি বসে খাওয়ান তাহলে শিশুকে পরিপূর্ণভাবে ধরে রাখতে হবে, শিশুকে মার কোলের ওপর ফেলে শুধু মাথাটি হাতের তালুতে নিয়ে দুধ খাওয়াবেন না। মা শিশুকে নিজের দিকে কাত করে ঘুরিয়ে দেবেন যাতে মায়ের পেটের সঙ্গে শিশুর পেট ত্বকের সংস্পর্শে লেগে থাকে। মা কখনোই শিশুর দিকে ঝুঁকে যাবেন না বরং শিশুকে নিজের বুকের দিকে তুলে ধরবেন।

শিশুকে দুধ খাওয়ানোর সময় মার দুধের বোঁটা শিশুর মুখের ভেতর প্রবেশ করিয়ে দিতে হবে, যাতে কালো অংশটি প্রায় পরিপূর্ণভাবে শিশুর মুখের ভেতর ঢুকে যায়। এ সময় শিশুর থুতনি এবং নাক মায়ের দুধের সঙ্গে লেগে থাকবে। শিশুকে দুধ খাওয়ানোর সময় বুকে অন্ততপক্ষে ১০ মিনিট ধরে ধরবেন, যাতে একটি বুক পুরোপুরি খেয়ে শেষ করতে পারে। তারপর মা অন্য বুকে লাগাবেন, এক বুক থেকে আরেক দিকে চেঞ্জ করাটা বাদ দেবেন। মা পরিবারের সব খাবার বেশি করে খাবেন এবং পর্যাপ্ত বিশ্রামে থাকবেন। প্রয়োজনে প্রতিবার দুধ খাওয়াতে বসার আগে বেশি করে পানি খাবেন। চিন্তামুক্ত ও টেনশন ফ্রি থাকার চেষ্টা করবেন।