ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি সংঘাতের মধ্যেই এবার ইরাকের রাষ্ট্রায়ত্ত প্যারা মিলিশিয়া বাহিনীর সেনাঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে।
বাগদাদের দক্ষিণে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস নামক ইরানপন্থী প্যারা মিলিশিয়া বাহিনীর একটি সামরিক ঘাঁটিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে এই বাহিনীর অন্তত তিনজন সদস্য আহত হয়েছেন।
স্থানীয় সময় শুকরবার সন্ধ্যায় এই হামলার ঘটনা ঘটে বলে এক বিবৃতিতে জানান ইরাকের নিরাপত্তা কমিটির সদস্য মুহান্নাদ আল-আনাজি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।
শনিবার ভোরে প্রকাশিত বিবৃতিতে আনাজি জানান, এই বাহিনীর সামরিক ঘাঁটিতে পাঁচটি বিস্ফোরণ ঘটেছে।
পপুলার মোবিলাইজেশন ফোর্সেস বাহিনীটি ইরানপন্থি, যেটি মূলত একাধিক শিয়া সশস্ত্র গোষ্ঠী নিয়ে গঠিত।
তবে পপুলার মোবিলাইজেশন ফোর্সেস এক বিবৃতিতে জানিয়েছে যে, ‘ব্যাবিলন গভর্নরেটের উত্তরে হাইওয়েতে আল-মাশরু জেলার কালসু সামরিক ঘাঁটিতে পপুলার মোবিলাইজেশন ফোর্সের সদর দপ্তরে একটি বিস্ফোরণ ঘটেছে।‘
বিবৃতিতে আরও বলা হয়, ‘বিস্ফোরণের ফলে বস্তুগত ক্ষয়ক্ষতি ও আহত হয়েছে। ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত দল ঘটনাস্থলে পৌঁছেছে। প্রাথমিক তদন্ত শেষ হলে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।‘
তবে ইরাকে ইরানপন্থী প্যারা মিলিশিয়া বাহিনীর সামরিক ঘাঁটিতে হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জানিয়েছেন যে, শুক্রবার সন্ধ্যায় ইরাকে বিস্ফোরণের সাথে ইসরায়েলের কোনো সম্পৃক্ততা নেই,
অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে যে, যুক্তরাষ্ট্রও ইরাকে কোনো হামলা চালায়নি। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন কোন জোট ইরাকে কোনো হামলা চালায়নি বলে জানিয়েছে দেশটি।
ইসরায়েলে ইরানের হামলার জবাবে শুক্রবার ইরানের ইসফাহানে একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার একদিন পর ইরাকের রাজধানী বাগদাদের কাছে ইরানপন্থী মিলিশিয়া বাহিনীর ওপর হামলা ও এই বিস্ফোরণের ঘটনা ঘটল।
একজন মার্কিন কর্মকর্তাও সিএনএনকে বলেছেন যে ইরানে হামলার জন্য ইসরায়েল দায়ী।