আমিরের পর এবার ডিপফেকের কবলে রণবীর

আমির খানের পর এবার ডিপফেকের কবলে পড়েছেন রণবীর সিং। সম্প্রতি রণবীরের একটি ভিডিও প্রকাশ্যে আসে। সেখানে নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে দেখা যায় তাকে। মুহূর্তে ভাইরাল হয় ভিডিওটি।

রণবীরের সেই ভিডিওতে শোনা গেছে, ‘দেশের জনগণের যাবতীয় সমস্যা, বেকারত্ব উদ্‌যাপন করাই কেন্দ্রীয় সরকারের মূল উদ্দেশ্য।’

তবে পরে জানা যায়, ভিডিওটি ভুয়া। রণবীর আসল ভিডিওতে বারাণসীতে বিশ্বনাথ দর্শনের অভিজ্ঞতার কথা বলেছিলেন। রণবীরের কণ্ঠস্বর সরিয়ে কেন্দ্রীয় সরকার সংক্রান্ত কথা বসিয়ে দেওয়া হয়। শুক্রবার অভিনেতা নিজের এক্স হ্যান্ডেলে ভাইরাল ভিডিও সম্পর্কে লিখেছেন,  ‘ডিপফেক থেকে নিজেদের বাঁচান বন্ধুরা।’

সম্প্রতি আমির খানের একটি ডিপফেক ভিডিও ভাইরাল হয়। যেখানে অভিনেতাকে বলতে শোনা গেছে, ‘ভারত কোনও গরিব দেশ নয়। ভারতের প্রতিটি নাগরিক লাখপতি। প্রত্যেকের কাছে কম পক্ষে ১৫ লাখ টাকা থাকবেই।’ ভিডিও নজরে আসার পরে আমিরের টিমের পক্ষ থেকে মুম্বাই পুলিশের সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানানো হয়েছিল। আমিরের মুখপাত্রের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, ভিডিওটি নকল। বুধবার মুম্বাইয়ের খার থানায় পুলিশ অজ্ঞাতপরিচয় ব্যক্তির নামে ৪১৯ ও ৪২০ ধারায় অভিযোগ দায়ের করেছে।