রণবীরকে শচীন: আমার জন্য বল কোরো

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পিএম
অভিনেতা হিসেবে বার বারই নিজেকে ভেঙেছেন বলিউড তারকা রণবীর সিং। তবে এবার অভিনেতার অভিনয়ের প্রশংসা শোনা গেল কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মুখে। শুধু প্রশংসাই নয়, রণবীরকে ক্রিকেটের মাঠে নেমে বল করার আমন্ত্রণও জানালেন এই মাস্টারব্লাস্টার।   শচীনের মতে, ক্রিকেটার হিসেবেও যথেষ্ট ভাল করতে পারতেন রণবীর! সম্প্রতি দু'জনের দেখা হতে রণবীর শচীনকে প্রশ্ন করেন, যদি দু'জনের পেশা অদলবদল হয়ে যায়, তাহলে কে ভালো ক্রিকেটার এবং কে ভালো অভিনেতা হতে পারবেন বলে মনে করেন তিনি। রণবীরের প্রশ্ন শুনে মজার ছলেই শচীন বলেন, 'এটা তো একেবারে গুগলি!'  

২০২১ সালের ছবি '৮৩'-তে  ভারতের প্রাক্তন অধিনায়ক কপিল দেবের চরিত্রে অভিনয় করেছিলেন রণবীর। ছবিতে তার ফাস্ট বোলিংয়ের দৃশ্যের কথা মনে করিয়ে দিয়ে শচীন জানান, পর্দায় রণবীরের ক্রিকেটার হয়ে ওঠা এতটাই বিশ্বাসযোগ্য ছিল যে তাকে সত্যিই মাঠে নামতে দেখার কথা কল্পনা করতে পেরেছিলেন তিনি।

শচীনের কথায়, ছোটবেলা থেকে কপিল দেবকে খেলতে দেখেছেন তিনি। তাই রণবীরের অভিনয় দেখে মনে হয়েছে, অভিনেতা চাইলে ক্রিকেটার হিসেবেও ভাল করতে পারতেন। রণবীরকে সরাসরি আমন্ত্রণ জানিয়ে শচীন বলেন, 'কখনও নেটে এসো, আমার জন্য বল কোরো।' ক্রিকেটের কিংবদন্তির কাছ থেকে এমন প্রস্তাব পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত হয়ে পড়েন অভিনেতা।

সর্বশেষ সর্বাধিক পঠিত