না.গঞ্জে অবহিতকরণ সভা

‘সর্বজনীন পেনশন স্কিম নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই’

অনেকেই সর্বজনীন পেনশন স্কিম নিয়ে উদ্দেশ্যমূলকভাবে জনসাধারণকে বিভ্রান্ত করছে। সরকার সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড পরিচালনা করে আসছে। সম্প্রতি তেমনি পেনশন স্কিম কার্যক্রম চালু করেছে। এটি নিয়ে শঙ্কা বা বিভ্রান্তির কোনো সুযোগ নেই।

গতকাল শনিবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে জেলা প্রশাসনের আয়োজনে সাংবাদিকদের সঙ্গে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত অবহিতকরণ সভায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক এসব কথা বলেন। তিনি বলেন, ‘যারা সরকারি চাকরি করেন না তাদের জন্যই সরকার পেনশন স্কিমের মতো অভাবনীয় উদ্যোগ নিয়েছে। আপনি যে বেসরকারি চাকরি করেন, ব্যবসা করেন, বিদেশে থাকেন, আপনিও সরকারি চাকরিজীবীদের মতো বেতন বা আয়ের একটা অংশ জমা রাখতে পারেন। ৬০ বছর বয়সের পরে মানুষের কর্মক্ষমতা অনেকটা কমে যায়, তখন আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে পেনশনের টাকা চলে আসবে।

এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেদারুল ইসলাম, নারায়ণগঞ্জ  প্রেস ক্লাবের সভাপতি আরিফ আলম দিপু, সহসভাপতি বিল্লাল হোসেন রবিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, আব্দুস সালাম, সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, রুমন রেজা, সামসুল ইসলাম ভূইয়া, আবু সাউদ মাসুদসহ প্রেস ক্লাবের সদস্যরা এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন। ইউএনও পেনশন স্কিমের বিভিন্ন দিক বিশদভাবে তুলে ধরেন।  

মাহমুদুল হক আরও বলেন, ২০০৮ সালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের ঘোষণা দিয়েছিলেন। আজ আপনারাই সাক্ষী যে সরকারি অনেক সেবা ঘরে বসে পাওয়া যাচ্ছে। সরকারের পেনশন স্কিম কার্যক্রম সম্পর্কে জনগণকে সচেতন করতে নারায়ণগঞ্জের সব ইউনিয়ন এবং সিটি করপোরেশনের সব ওয়ার্ডে অবহিতকরণ সভা করা হবে বলে জানান তিনি।