বালুবাহী ট্রাকে পাচারের সময় নেত্রকোনার কলমাকান্দায় ভারতীয় চিনিসহ মহর আলী (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের পশ্চিম নাজিরপুর থেকে ট্রাকবোঝাই চিনিসহ তাকে আটক করা হয়। পরে মহর আলীকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে কলমাকান্দা থানায় মামলা করে পুলিশ। ওইদিন দুপুরে তাকে নেত্রকোনা কোর্ট হাজতে পাঠানো হয়। আটক মহর দুর্গাপুর উপজেলার মনসুরপুর গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে নেত্রকোনা জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ লুৎফর রহমান জানান, নাজিরপুর থেকে ভারতীয় চিনি পাচারের সংবাদ পেয়ে শনিবার সকালে পশ্চিম নাজিরপুর এলাকায় অভিযান চালানো হয়। পরে ট্রাক থামিয়ে চেক করলে বালুর নিচে ১২০ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। পরে ওই চিনিসহ মহর আলীকে আটক করে পুলিশ। সঙ্গে একটি হলুদ রঙের ট্রাকও জব্দ করা হয়।