ঈদের ছুটি শেষে কর্মস্থলে যোগ দেওয়া হলো না আয়েশার

রাজধানীর জিরো পয়েন্টে সিমেন্ট বহনকারী গাড়ির ধাক্কায় বাসযাত্রী আয়েশা আক্তার (২০) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্বামী খায়রুল ইসলাম (২৫)।

আজ রবিবার (২১ এপ্রিল) ভোর সাড়ে ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই গার্মেন্টস কর্মীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত আয়েশার দূর সম্পর্কের মামা জহিরুল ইসলাম রাফি জানান, আয়েশার বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার চারবুনিয়া গ্রামে। বাবার নাম মোশারফ পেদা। স্বামী খাইরুল ইসলামকে সাথে নিয়ে গাজীপুরের টঙ্গী চেরাগআলী এলাকায় থাকেন। সেখানে একই গার্মেন্টসে স্বামী-স্ত্রী দুজনই চাকরি করেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছিলেন তারা। আগামীকাল সোমবার তাদের গার্মেন্টস প্রতিষ্ঠানটি চালু হওয়ার কথা থাকায় আজ ভোরে গ্রাম থেকে ঢাকায় ফিরেন। এরপর সদরঘাট থেকে আজমেরী গ্লোরি পরিবহন বাসে করে গাজীপুরের দিকে যাচ্ছিলেন। পথে গুলিস্তান জিরো পয়েন্টে একটি সিমেন্ট বহনকারী গাড়ি তাদের বাসটিতে ধাক্কা দেয়। এতে আয়েশা, তার স্বামী খায়রুলসহ বাসের আরো কয়েকজন যাত্রী আহত হন। পরে স্থানীয় তাদেরকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে আয়েশার মৃত্যু হয়। তবে আয়েশার স্বামী আশঙ্কামুক্ত।

চিকিৎসকের বরাত দিয়ে আয়েশার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, আয়েশার মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শাহবাগ থানা পুলিশ তদন্ত করছে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ জানান, বাসটি গোলাপ শাহ মাজারের দিক থেকে আর সিমেন্ট বহনকারী গাড়িটি বায়তুল মোকাররমের দিকে থেকে আসছিল। জিরো পয়েন্টে দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। এতে বাসের এক নারী যাত্রী নিহত ও ২ যাত্রী আহত হয়েছেন। ঘটনার পর গাড়ি দুটি জব্দ করা গেলেও এর চালক পালিয়েছে।