গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র

নাইট্রেজ উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উপাদান। ধানক্ষেতে ৬ থেকে ৭ সেন্টিমিটার কাদা মাটির নিচে গুটি ইউরিয়া প্রয়োগ করলে সার অপচয় নিযন্ত্রণ করে সারের কার্যকারিতা বাড়ানো যায়। গুটি ইউরিয়া প্রয়োগের সুবিধা থাকা সত্ত্বেও মাঠে গুটি ইউরিয়ার ব্যবহারে যেসব প্রতিবন্ধকতা রয়েছে এর মধ্যে অন্যতম হলো হাত দিয়ে একটি একটি করে গুটি সার দেওয়া। ধানের চারা গাছের মধ্যে উপুড় হয়ে হাত দিয়ে কাদার নির্দিষ্ট গভীরে সার দেওয়া যেমন সময়সাপেক্ষ তেমনি কষ্টকর। অন্যদিকে কষ্টকর এই কাজের জন্য অভিজ্ঞ লোকেরও দরকার। ধান চাষে গুটি ইউরিয়া ব্যবহারের অসুবিধার কথা অনুধাবন করে গুটি ইউরিয়া প্রয়োগ যন্ত্র উদ্ভাবন করা হয়েছে।

যন্ত্রের বৈশিষ্ট্য

এই যন্ত্রটি দেশের ওয়ার্কশপেই তৈরি করা যায়। এমএস বার দ্বারা তৈরিকৃত ফ্রেমে মিটারিং ডিভাইস বসানো থাকে। মিটারিং ডিভাইসের পাত্র ও ডিস্ক প্লাস্টিকের তৈরি। যন্ত্রের দুই পাশে দুটি এমএস সিট দিয়ে তৈরি নৌকাকৃতির স্কিড থাকে। যা কাদার ওপর যন্ত্রকে ভাসিয়ে রাখে। স্কিডের নিচে দুটি ৬ সেমি দৈর্ঘ্যরে ফারো ওপেনার আছে। প্রতিটি ফারোকে বন্ধ করার জন্য দুটি করে ফারো ক্লোজার  আছে। ১.৫ মিটার দৈর্ঘ্যরে একটি হ্যান্ডেল আছে, যা চালকের দৈর্ঘ্যরে সাপেক্ষে বিভিন্ন কোণে স্থাপন করা যায়। হ্যান্ডেলে ধাক্কা দিয়ে যন্ত্রটি চালানো হয়। যন্ত্রটি ২ থেকে ৫ সেমি দাঁড়ানো পানিতে ভালো চলে। মানুষের হাঁটার গতিতে যন্ত্রটি চালানো যায়। প্রতি ঘণ্টায় ০.১০ হেক্টর জমিতে সার প্রয়োগ করা সম্ভব। যন্ত্রটি চালাতে প্রতি হেক্টরে খরচ হবে মাত্র ৭০০ টাকা। আর যন্ত্রটির দাম মাত্র ৩,৫০০ টাকা।