প্রচন্ড গরমের সময় আম ছাড়াও কাঁঠাল, ডালিম, পেয়ারা ইত্যাদি ফল ফেটে যেতে দেখা যায়। সব ধরনের ফল ফাটার কারণ মোটামুটিভাবে একই। মাটিতে রসের দ্রুত হ্রাস-বৃদ্ধি আম ফাটার প্রধান কারণ হিসেবে চিহ্নিত। আবহাওয়া শুকনা হলে এবং দীর্ঘদিন বৃষ্টিপাত না হলে আমের ওপরের খোসা শক্ত হয়ে যায়। এরপর হঠাৎ বৃষ্টিপাত হলে বা সেচ প্রদান করলে আম দ্রুত বাড়তে শুরু করে। আমের ভেতরের দিক ঠিকমতো বাড়লেও বাইরের আবরণ শক্ত হওয়ার কারণে তা বাড়তে পারে না। এ অবস্থায় আম ফেটে যায়। মাটিতে বোরনের অথবা ক্যালসিয়ামের ঘাটতি হলেও ফল ফেটে যেতে পারে।
যা করতে হবে
খরা মৌসুমে নিয়মিত সেচ দেওয়া। গুটি বাঁধার পরপরই ম্যাগনল ০.৫ মি.লি/ লি. হারে পানিতে মিশিয়ে স্প্রে করা। বর্ষার আগে ও পরে বছরে দুবার গাছের বয়স অনুযায়ী সুষম সার প্রয়োগ করা। প্রতি বছর গাছপ্রতি ৫০ গ্রাম হারে ডলোচুন প্রয়োগ করা (গাছের বয়স অনুযায়ী পরিমাণ বাড়াতে হবে)। মাটিতে প্রচুর পরিমাণে জৈব সার দিতে হবে। জৈব সার মাটির পানি ধারণক্ষমতা বৃদ্ধি করবে, ফলে শুকনা বা খরার সময়ও মাটিতে যথেষ্ট রস থাকবে। জৈব সারের মধ্যে গোবর সবচেয়ে ভালো।