বাজারদরের ৭ টাকা কমে চাল কিনবে সরকার

আসন্ন বোরো মৌসুমের ধান ও চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে সরকার। এবার সরকার ৩২ কেজি দরে ধান এবং ৪৫ টাকা কেজি দরে সিদ্ধ চাল কিনবে কৃষকের কাছ থেকে। গতকাল রবিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির (এফপিএমসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় আসন্ন বোরো সংগ্রহ ২০২৪ মৌসুমে ৫ লাখ টন ধান, ১১ লাখ টন সেদ্ধ চাল, ১ লাখ টন আতপ চাল এবং ৫০ হাজার টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

নতুন নির্ধারিত সরকারি সংগ্রহ মূল্য অনুযায়ী, বোরো ধানের কেজি ৩২ টাকা, সেদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪ টাকা এবং গম ৩৪ টাকা। এতে গত মৌসুমের তুলনায় ধানে কেজিপ্রতি দাম বাড়ানো হয়েছে দুই টাকা। এ ছাড়া চাল ও গমে এক টাকা করে সংগ্রহ মূল্য বাড়িয়েছে সরকার।

যদিও বর্তমানে খোলাবাজারে সবচেয়ে কম দামের মোটা চালও বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫২ টাকা। কিন্তু সরকার সেদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৫ টাকা এবং আতপ চালের সংগ্রহ মূল্য নির্ধারণ করেছে ৪৪ টাকা। সেক্ষেত্রে বাজারদরের চেয়ে সংগ্রহ মূল্য কম নির্ধারণ করায় সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। এর আগেও দেখা গেছে, সরকার-নির্ধারিত দামের চেয়ে চালের উৎপাদন খরচ বেশি হওয়ায় লোকসানের ভয়ে মিলাররা সরকারি গুদামে চাল সরবরাহ করতে আগ্রহী হন না। এ ছাড়া বাজারের চেয়ে দাম কম হওয়ায় সাধারণ কৃষকরাও সরকারি গুদামে ধান সরবরাহে অনীহা দেখান।

এফপিএমসির সভায় শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম, কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী মো. মহিববুর রহমান, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম (টিটু) এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বেগম রোকেয়া সুলতানাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।