না.গঞ্জে ইসি আলমগীর

প্রার্থী কার আত্মীয় বিবেচ্য বিষয় নয়

নির্বাচন কমিশনার (ইসি) আলমগীর হোসেন বলেছেন, ‘আমরা একটা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচন চাই। উপজেলা নির্বাচনগুলো যেন শান্তিপূর্ণ হতে পারে, সেজন্য আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের প্রশাসন এবং অন্যান্য বিভাগ ব্যবস্থা নিয়েছে।’

গতকাল রবিবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আগামী ৮ মে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রার্থিতা প্রত্যাহার ২২ এপ্রিল। প্রতীক বরাদ্দ ২৩ এপ্রিল। এই নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচ প্রার্থী, ভাইস চেয়ারম্যান পদে চার প্রার্থী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনার বলেন, ‘সংসদ নির্বাচনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, এবারও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এখানে কে কার আত্মীয়, কে কার আত্মীয় নয়, এটা বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হলো তিনি প্রার্থী কি না। আর প্রার্থী হলে তার যেসব আইনগত অধিকার আছে, সেগুলো সমান পাবেন।’  জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, র‌্যাবের অধিনায়ক তানভীর পাশাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও নির্বাচন-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।