পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট : ০১ জুন ২০২৬, ০৬:৫৪ এএম

নেত্রকোনার কলমাকান্দায় পৃথক স্থানে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ২৬ মে বিকেলে উপজেলার রংছাতী ইউনিয়নের জঙ্গলবাড়ি ও গারামপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো জঙ্গলবাড়ি গ্রামের রিপন মিয়ার ছেলে আরিয়ান (৪) এবং গারামপাড়া গ্রামের আব্দুল করিমের ছেলে আবু তালহা (২)।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শিশু আরিয়ান খেলতে খেলতে বাড়ির পাশে কবির বিলের খালের দিকে যায়। ধারণা করা হচ্ছে, খালের ওপর থাকা একটি সাঁকো পার হতে গিয়ে সে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল সন্ধ্যায় খালের পানি থেকে শিশু আরিয়ানের মরদেহ উদ্ধার করে।

এদিকে, দুপুরে একই ইউনিয়নের গারামপাড়া গ্রামে পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় দুই বছরের শিশু আবু তালহা। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন স্বজনরা। পরে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডা. সৌরভ ঘোষ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মো. আবুল হাশেম বলেন, শিশুদের মরদহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত