শুরু হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সুপার লিগ পর্ব। প্রথম দিনে মাঠে গড়িয়েছে তিন ম্যাচ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আবাহনীর বিপক্ষে ব্যাটিং বিপর্যয় প্রাইম ব্যাংকের। বিকেএসপিতে গাজী গ্রুপের কাছেও একই পরিণতি শাইনপুকুরের। তবে ফতুল্লায় মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে লড়াকু পুঁজি পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন মোহামেডান অধিনায়ক ইমরুল কায়েস। শুরুতেই সৈকত আলি ও ফজলে মাহমুদ রাব্বির উইকেট ছিনিয়ে নেন মোহামেডান। সৈকত মিরাজের হাতে ক্যাচ দেন নাসুমের বলে। তবে রাব্বি রান আউট হন মিরাজেরই থ্রোতে। দ্রুত ২ উইকেট হারিয়ে চাপে পড়ে শেখ জামাল। তাতে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কা জেগেছিল।
তবে নিজেদের সেরাটা এদিনের জন্য যেন জমা করে রেখেছিলেন সাইফ হাসান ও তাইবুর রহমান। দুজনেই করেছেন সেঞ্চুরি। সাইফ ১৪৬ বলে ৭ চার ও ৬ ছক্কায় ১২০ রান করে নিয়েছেন ‘রিটায়ার্ড হার্ট’। ১১৪ বলে ৭ চার ও ৩ ছক্কায় তাইবুর রহমান ১০২ রান করে ছিলেন অপরাজিত। তাদের ব্যাটে ভর করে নির্ধারিত ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৫৯ রান সংগ্রহ করে শেখ জামাল।
মোহামেডানের হয়ে ১০ ওভার বল ঘুরিয়ে ২৮ রান খরচায় ২ মেইডেনসহ ১ উইকেট শিকার করেন নাসুম।
এদিকে মিরপুরে আবাহনীর বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ১৭৮ রানেই গুটিয়ে গেছে প্রাইম ব্যাংক। সর্বোচ্চ ৬৮ রান করেন অধিনায়ক জাকির হাসান। ৭০ বলে তার ইনিংসটি সাজানো ছিল ৮ চার ও ১ ছক্কায়। এছাড়া মুশফিকুর রহিম ৫ চারে ৬৫ বলে ৪৪ রান করে আউট হন।
আবাহনীর হয়ে শরিফুল ইসলাম সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন। এছাড়া তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মোসাদ্দেক হোসেন নেন দুটি করে উইকেট।
এদিকে বিকেএসপির তিন নম্বর মাঠে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ১৩৮ রানেই গুটিয়ে গেছে শাইনপুকুর।