পাহাড়ের নতুন সশস্ত্র গোষ্ঠী কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) এক সশস্ত্র সদস্য সেনাবাহিনীর অভিযানে নিহত হয়েছে। গতকাল সোমবার বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাইপাড়া এলাকায় সেনাবাহিনী এই অভিযান চালায়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, অভিযানকালে অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করেছে সেনাবাহিনী। গত ২ এপ্রিল রুমা উপজেলার সোনালী ব্যাংকে ডাকাতি করে অর্থ লুট করে একদল সশস্ত্র লোক। পুলিশের ১০টি এবং আনসার সদস্যের চারটি অস্ত্রও লুট করে নিয়ে যায় তারা। অপহরণ করা হয় ব্যাংকটির ম্যানেজার নেজাম উদ্দিনকে। দুদিন পর তাকে উদ্ধার করা হয়। রুমার ঘটনার এক দিন পর ৩ এপ্রিল থানচি উপজেলার সোনালী ও কৃষি ব্যাংকেও দিনেদুপুরে অর্থ লুটের ঘটনা ঘটে।
দুটি ঘটনায় পাহাড়ে সশস্ত্র সংগঠন কেএনএফ জড়িত বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে লুট হওয়া অস্ত্র-অর্থ উদ্ধারে রুমা ও থানচিতে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী। অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশ সদস্যরা। এ অভিযান সমন্বয় করছে সেনাবাহিনী। যৌথ বাহিনীর এই অভিযানে বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২১ নারীসহ ৭১ জনকে গ্রেপ্তারের খবর জানিয়েছে পুলিশ।