দুই হাজার কোটি টাকা পাচার

সম্পূরক চার্জশিট গ্রহণ ৩৬ জনের বিরুদ্ধে পরোয়ানা

দুই হাজার কোটি টাকা পাচারের মামলায় সম্পূরক চার্জশিট গ্রহণ করে ৩৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। গতকাল সোমবার ঢাকা মহানগর দায়রা জজ আস সামছ জগলুল হোসেনের আদালত সিআইডির দেওয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেন।

এদের মধ্যে সাজ্জাদ হোসেন বরকত, ইমতিয়াজ হাসান রুবেল এবং এ এইচএম ফুয়াদ কারাগারে আছেন। কারা-কর্তৃপক্ষ তাদের আদালতে হাজির করেন এবং জামিনে থাকা আসামি ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক মোহাম্মাদ আরিফুর রহমান ওরফে দোলনসহ সাতজন আদালতে হাজিরা দেয়। অপর ৩৬ জন পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ৩০ মে গ্রোর সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য করে আদালত। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়,  দুই হাজার কোটি টাকা পাচারের অভিযোগে ফরিদপুর শহর আওয়ামী লীগের অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বরকত ও তার ভাই ইমতিয়াজ হাসান রুবেলসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে সিআইডি।