মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল জাদিদ ইরানের পরিবারের সবাইকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এমনকি ওই চেয়ারম্যান প্রার্থীর ছেলের স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে বলেও অভিযোগ করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে জেলার সিরাজদীখান উপজেলার বালুচর ইউনিয়নের কালীনগর গ্রামের নিজ বাড়িতে সাংবাদিক সম্মেলন করে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে এ অভিযোগ করেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল জাদিদ ইরান।
দুপুর সাড়ে ১২ টার দিকে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আব্দুল্লাহ আল জাদিদ ইরান জানান, ইতোমধ্যে তিনি উপজেলার বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে মানুষের দোয়া প্রার্থনা করে আসছেন। এতে ঈর্ষান্বিত হয়ে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিকের কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিবারের সকলকে হত্যার হুমকি দিচ্ছেন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের নিজ নামে প্রতিষ্ঠিত হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেনীতে পড়ুয়া তার ছেলে মাকসুদুল ইসলামকে স্কুলে যেতে নিষেধ করা হয়েছে।
অভিযোগের বিষয়ে হাজী আবু বকর সিদ্দিক আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু নিরুদ রঞ্জন রায় বলেন, গরমের কারনে স্কুল বন্ধ রয়েছে। সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর ছেলেকে কেউ পাঠদানে বাধা দেয়নি।
সাংবাদিক সম্মেলনে আনা অভিযোগ অস্বীকার করে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক বলেন, এবারের উপজেলা পরিষদ নির্বাচন উন্মুক্ত। যে কেউ প্রার্থী হতে পারে। বাঁধা অথবা হুমকি দেওয়ার তো প্রশ্নই আসেনা। আর বর্তমানে স্কুল বন্ধ সব ছাত্র-ছাত্রীরা ছুটিতে রয়েছে।
উল্লেখ্য, তৃতীয় ধাপে আগামী ২৯ মে সিরাজদীখান উপজেলার ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।