প্রবাসীর স্ত্রীর কাছ থেকে চাঁদা আদায় ছাত্রলীগ নেতার

ফেনীর সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে দেড় লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগ উঠছে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন সৌরভের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার এ ঘটনায় সংগঠন বহির্ভূত অনৈতিক কর্মকা-ের অভিযোগ এনে তাকে কারণ দর্শানো নোটিস দিয়েছে সোনাগাজী উপজেলা ছাত্রলীগ। আগামী তিন কর্মদিবসের মধ্যে শোকজের জবাব দিতে বলা হয়েছে।

জানা গেছে, ওই ইউনিয়নের চান্দলা গ্রামের সৌদি প্রবাসীর ছেলে ফাহাদ হোসেনের সঙ্গে মতিগঞ্জ ইউনিয়নের এক মেয়ের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি ছেলের মা মেয়েটির বাড়িতে গিয়ে তার অভিভাবককে ফাহাদের সঙ্গে মেয়েটির যোগাযোগ বন্ধ করতে অনুরোধ করেন। এ সময় মেয়ের পরিবার ছেলের মাকে আটকে রাখে। খবর পেয়ে সৌরভ মতিগঞ্জে গিয়ে ফাহাদের মাকে উদ্ধার করে নিয়ে আসে। বিনিময়ে ফাহাদের মায়ের ব্যবহত স্বর্ণ স্থানীয় কুঠিরহাট বাজারের একটি সোনার দোকানে বন্ধক রেখে দেড় লাখ টাকা হাতিয়ে নেয় সৌরভ।

ফাহাদের মায়ের ভাষ্য মতে, সৌরভ বাড়িতে এসে তার স্বর্ণ নিয়ে তাকেসহ কুঠিরহাট বাজারে গিয়ে এক  দোকানে স্বর্ণ বন্ধক রেখে দেড় লাখ টাকা নিয়ে যায়। এরপর সৌরভ ২০ হাজার টাকা নেয়। সম্প্রতি সে আরও ৫০ হাজার টাকা দাবি করে। এতে নিরুপায় হয়ে তিনি বিষয়টি তার পরিবারকে ও স্থানীয় মেম্বার ও চেয়ারম্যানকে জানান।

চরমজলিশপুর ইউপির সদস্য মো. রিয়াদ বলেন, ‘ছেলের মাকে ব্ল্যাকমেইল করে ছাত্রলীগ নেতা মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউজ্জামান বাবুর নাম ভাঙিয়ে ওই মেয়ের সঙ্গে ছেলেটির বিয়ে না দেওয়ার কথা বলে দেড় লাখ টাকা আদায় করে।

জানতে চাইলে আফাজ উদ্দিন সৌরভ বলেন, ‘ফাহাদের মাকে মতিগঞ্জ ইউনিয়নে ওই মেয়ের বাড়িতে আটকে রাখলে বিষয়টি ফাহাদ আমাকে জানায়। পরে আমি গিয়ে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারের সঙ্গে কথা বলার পর মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সালিশ বৈঠকের কথা বলে ছেলের মাকে নিয়ে আসি। এ জন্য আমি তার কাছ থেকে কোনো টাকা গ্রহণ করিনি। স্থানীয় ইউপি সদস্য মো. রিয়াদ আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে।’

সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিনহাজ উদ্দিন সাইমুন বলেন, ‘আমরা বিষয়টি জানতে পেরে তাকে আগামী তিন দিনের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিস করি। যদি ঘটনা সত্যি হয় তাহলে ছাত্রলীগের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’