শেরপুরে এক প্রবাসীর ২৫ শতক জমি বেদখল হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে শহরের কসবা মহল্লার কানাডাপ্রবাসী মো. আশরাফুজ্জামান তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে আশরাফুজ্জামান বলেন, প্রায় ৩০ বছর ধরে তিনি ও তার পরিবার কানাডায় বসবাস করে আসছেন। তিনি ২০১০ সালে পৃথক দুটি দাগে ৩৫ শতক জমি তার নানাবাড়ির ওয়ারিশদের কাছ থেকে সাব-কাবলা কিনেন। এরপর থেকে সব ধরনের কর-খাজনা পরিশোধ করে আসছেন। দীর্ঘদিন পর গত দুই মাস আগে দেশে ফিরে এসে দেখেন তার ৩৫ শতক জমির মধ্যে ২৫ শতক জমি বেদখল হয়ে গেছে। স্থানীয় ভূমিদস্যু ইলিয়াস ও সেলিম ২৫ শতক জমি দখল করে ঘরবাড়ি তৈরি করেছেন। এ বিষয়ে নানা আইনগত প্রক্রিয়া শেষ করেও কোনো সুফল পাচ্ছেন না। দখলদারদের হুমকি-ধমকিতে আতঙ্কিত হয়ে গত ২১ এপ্রিল সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি তার বেদখল জমি উদ্ধারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অভিযোগ অস্বীকার করে ইলিয়াস ও সেলিম আলী দাবি করেন, তারা কারও জমি দখল করেননি। ওই জমি তাদের কেনা।