ছবিশিকারিদের ছবি তোলার ধরন নানা সময়ে অভিনেত্রীদের অস্বস্তির কারণ হয়ে উঠেছে। অভিনেত্রীদের শরীরের নির্দিষ্ট অঙ্গের ছবি তোলার কদর্য প্রবণতা নিয়ে এবার বিস্ফোরক নোরা ফাতেহি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নোরা বললেন, ‘মনে হয় আমার মতো নিতম্ব কখনও দেখেনি ওরা। সব সময় এমন হয়।’
অভিনেত্রী আরও যোগ করলেন, ‘শুধু আমার ক্ষেত্রেই নয়, অন্য অভিনেত্রীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। হয়তো তাদের নিতম্ব নির্দিষ্ট করে ক্যামেরায় দেখানো হয় না, কারণ তাদের নিতম্ব খুব একটা উত্তেজনামূলক নয়। তবে অপ্রয়োজনীয় ভাবে তাদের অন্য অঙ্গ প্রত্যঙ্গ ক্যামেরার নজরে আসে। আমার মনে হয়, এটা ক্যামেরায় নির্দিষ্ট করে দেখানোর মতো কিছু নয়। কোন দিকে নজর তাদের?’
নোরা ফাতেহি জানালেন সমাজমাধ্যমে ট্রেন্ড ধরে রাখার জন্য এই সব করা হয়। শরীরের কারণে বার বার শিরোনামে এসেছেন তিনি। তবে নিজের শরীর নিয়ে কোনও ছুতমার্গ নেই নোরার। তার কথায়, ‘আমার শরীর সুন্দর এবং আমার সম্পদ নিয়ে আমি গর্ব বোধ করি। আমি কখনোই আমার শরীর নিয়ে লজ্জিত নই।’
তবে নোরা খুব বেশি মাথা ঘামান না এই বিষয়ে। নিজের মতো করে চলাফেরা করেন। ‘ছবিশিকারিদের এই প্রবণতা হয়তো ভুল কিন্তু সেটা আলাদা ভাবে আলোচনার বিষয়। আমি এক এক জনকে ধরে ধরে ঠিক ভুলের শিক্ষা দিতে পারব না’, বললেন অভিনেত্রী।
নোরার মতে, বলিউডে তার সফর নিয়ে মানুষ বাহবা দেন। বিশেষত যাদের সঙ্গে তিনি কাজ করেছেন তাদের কাছ থেকে প্রাপ্য সম্মান ও সহযোগিতা পেয়েছেন। কাজ নিয়ে কখনও আপস করেন না অভিনেত্রী।
নোরার মতো ম্রুণাল ঠাকুর, পলক তিওয়ারিও এই ঘটনার সম্মুখীন হয়েছিলেন। তারা অনুমতি না দেওয়া সত্ত্বেও ছবি শিকারিরা পিছন থেকে তাদের ছবি তুলেছিলেন। ঘটনার বিরোধিতা করেছিলেন অভিনেত্রীরা।