‘সর্বজনীন পেনশন চালু হলে কাউকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না’

সর্বজনীন পেনশন চালু হলে কাউকে আর সন্তানদের ওপর নির্ভরশীল হতে হবে না। কাউকে বৃদ্ধাশ্রমেও যেতে হবে না বলে মন্তব্য করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।

বুধবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সিংগাইর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সর্বজনীন পেনশন স্কিম শীর্ষক অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভায় তিনি একথা বলেন।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করেই সর্বজনীন পেনশন চালু করেছেন। আমাদের প্রত্যেকের উচিত ৪টি পর্যায়ের যে কোনো একটি পেনশন ব্যবস্থার আওতায় আসা। সেই সাথে সংসদ সদস্য প্রত্যেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের জনগণকে সচেতন করে পেনশনের আওতায় আনা উচিৎ।

সিংগাইর উপজেলা প্রশাসন আয়োজিত জেলা প্রশাসক রেহেনা আক্তারের সভাপতিত্বে ও পরিরার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুজ্জামান শিশিরের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউএনও পলাশ কুমার বসু, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোসা. শারমিন আক্তার, পৌর মেয়র আবু নাঈম মো. বাশার, ওসি মো. জিয়ারুল ইসলাম, সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার মো. তানভীর হোসেন, তালেবপুর ইউপি চেয়ারম্যান মো. রমজান আলী, চান্দহর ইউপি চেয়ারম্যান মো, শওকত হোসেন বাদল প্রমুখ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. হাবিবুর রহমান, পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজী আব্দুল মাজেদ খান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সায়েদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান দেওয়ান জিন্নাহ লাঠু, ইঞ্জি. মো. শাহাদৎ হোসেন, মো. জাহিদুল ইসলাম ভূইয়া, গাজী কামরুজ্জামান, আবুল হোসেন মোল্লা প্রমুখ। সভাশেষে স্থানীয় বাউল শিল্পী দেওয়ান পিপল আক্তার ও জীবন সরকার সর্বজনীন পেনশনের ওপর গান পরিবেশন করেন।