আগামী তিন দিনে দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তীত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেসব জেলার ওপর দিয়ে তীব্র এবং মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। তবে এ সময় সিলেট ও চট্টগ্রামের কোথাও কোথাও বৃষ্টির আভাস দিয়েছে রাষ্ট্রীয় সংস্থাটি।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
তাপপ্রবাহের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলছে, খুলনা বিভাগসহ দিনাজপুর, নীলফামারী, রাজশাহী, পাবনা, ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ ছাড়া ময়মনসিংহ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, ফেনী ও বান্দরবান জেলাসহ বরিশাল বিভাগ এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তা অব্যাহত থাকতে পারে।
এ সময়ে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে বাগেরহাটের মোংলায়। সেখানে ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে সম্প্রতি সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করা চুয়াডাঙ্গা জেলাতে গত ২৪ ঘণ্টায় ০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত ওই পূর্বাভাসে বর্ধিত পাঁচ দিনের আবহাওয়া পরিস্থিতিতে বলা হয়েছে, এ সময় আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।
এদিকে বৃষ্টিপাতের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন জন সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে শিলাবৃষ্টি। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
