জুড়ীতে চেয়ারম্যান প্রার্থীকে পিটিয়ে হাসপাতালে

মৌলভীবাজারের জুড়ীতে ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থী আলী হোসেনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে মারধর করা হয়।

গতকাল বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় এ ঘটনা ঘটে। তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলী হোসেনের একটি ভিডিও ভাইরাল হয়। এতে তিনি বলেন, তার প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকের প্রার্থী কিশোর রায় চৌধুরী মনি ও পশ্চিম জুড়ী ইউপির চেয়ারম্যান আনফর আলীর নির্দেশে সাইদুল, মুহিব, সোহেলের নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এ সময় তাকে গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করা হয়।

আলী হোসেনের ভাষ্য, তিনিসহ আরও তিন প্রার্থী নির্বাচনে ঘোড়া প্রতীক চেয়েছিলেন। লটারির মাধ্যমে তিনি ঘোড়া প্রতীক পাওয়ায় কিশোর রায় চৌধুরী মনি ও আনফর আলীর নির্দেশে এ হামলা হয়।

কিশোর রায় চৌধুরী মনি বলেন, আনফর আলী তার নির্বাচন পরিচালনা কমিটির প্রধান। আনফর ও হামলার শিকার আলী হোসেন চাচা-ভাতিজা। পারিবারিক কোনো দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটতে পারে। তিনি এ হামলার সঙ্গে জড়িত নন।

জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।