ছুরিকাঘাতে ছেলের মৃত্যু, বাবা সংকটাপন্ন

ময়মনসিংহের তারাকান্দায় ছুরিকাঘাতে খুন হয়েছেন এক যুবক। গত মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে উপজেলার বানিহালা ইউনিয়নের মাঝিয়ালি বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ স্থানীয় সূত্রে জানা যায়, মাঝিয়ালি বাজারে দিগারকান্দা গ্রামের সাদেক মুন্সির দোকান রয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সিগারেট কিনতে ওই দোকানে আসেন একই গ্রামের ফারুক মিয়া। টাকা দেওয়ার সময় একটি ১০ টাকার নোট ছেঁড়া থাকায় তা বদলে দিতে বলেন সাদেক মুন্সির ছেলে ইকবাল। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে ফারুক তার ছোট ভাই পারভেজ মিয়াকে ডেকে আনেন। পারভেজ ছুরি দিয়ে দোকানের ভেতরেই ইকবালকে আঘাত করতে থাকে। ছেলেকে বাঁচাতে সাদেক মুন্সি এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলেই মারা যান ইকবাল। গুরুতর অবস্থায় সাদেক মুন্সিকে ঢাকায় নেওয়া হয়।