পানিতে ডুবে এক পরিবারের দুই শিশুর মৃত্যু

কুমিল্লার চান্দিনায় পানিতে ডুবে নাদিয়া আক্তার (৭) ও সাদিয়া আক্তার (৮) নামে একই পরিবারের দুই শিশুর মৃতু হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে চান্দিনা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড তুলাতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নাদিয়া তুলাতলী গ্রামের আব্দুল কুদ্দুস মন্টুর মেয়ে এবং সাদিয়া আক্তারের বাবার নাম সাইফুল ইসলাম। তারা সম্পর্কে খালা ও ভাগ্নি।

নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১১টায় সাইকেল নিয়ে খেলতে ঘর থেকে বের হয় নাদিয়া ও সাদিয়া। ১২টার দিকে বাড়ি থেকে ২০০ গজ দূরে বট গাছের কাছের সাইকেল ও জুতো দেখতে পায় সাদিয়ার নানা আব্দুল জব্বার। এ সময় তাদেরকে খুঁজে না পেয়ে সাইকেল ও জুতো বাড়িতে নিয়ে যান তিনি। তারপর থেকে তাদের কোথাও খুঁজে পাননি পরিবারের সদস্যরা। দুপুর ২টায় নাদিয়ার দাদী একই স্থানে আরো একটি প্যান্ট পেয়ে তাদের সন্দেহ হলে পাশের মৎস্য প্রজেক্টে নামে পরিবারের সদস্যরা। কোমড় পানিতে ডুবন্ত অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করে তারা।

নাদিয়ার দাদা আব্দুল লতিফ জানান, তাদের পানি থেকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।