শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে বোরো মৌসুমের পাকা ধানক্ষেত পাহারা দিতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ওমর আলী ওরফে ওমর মিস্ত্রী নামে ৫৫ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাত আনুমানিক ১০টার দিকে নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি গ্রাম বাতকুচি টিলাপাড়ায় এঘটনা ঘটে। নিহত ওমর মিস্ত্রী ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, অন্য দিনের মতো ওমর মিস্ত্রী রাতে তার বোরো ধানক্ষেত পাহারা দিতে যান। অন্য রাতে স্থানীয় অনেক কৃষক থাকলেও বৃহস্পতিবার রাতে তিনি একাই পাহাড়ের ভেতরে ধানক্ষেত পাহারা দিতে যান। পরে রাত ১০টার দিকে একপাল বন্যহাতি পাহাড় থেকে নেমে এসে আকস্মিকভাবে ওমর মিস্ত্রীকে ঘিরে ফেলে তার ওপর আক্রমণ চালায়। এসময় শুঁড়ে পেচিয়ে আছাড় মেরে ও পায়ে পিষ্ট করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। কিছুক্ষণ পর এলাকাবাসী ওমর মিস্ত্রীকে দেখতে না পেরে ঘটনাস্থলে গেলে তার ছিন্নভিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে।
স্থানীয়রা জানায়, দিনভর চৌকিদার টিলা ও সমেশ্চুড়াসহ আশপাশের পাহাড়ে বন্যহাতির দল বিচরণ করছিল। এদিকে খবর পেয়ে বন বিভাগের লোকজন ও স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা পরিদর্শনে যান।
মধুটিলা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এমন মৃত্যু কাম্য নয়। মৃত ব্যক্তির পরিবার আবেদন করলে তাদের ক্ষতিপুরন দেওয়া হবে।