আ.লীগের সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিএনপির বিক্ষোভ 

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম

দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) শেরপুর জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই এই সাফল্যকে হিংসা করে ফ্যাসিবাদের দোসর ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিভিন্ন সদস্যরা দেশে বিভিন্নস্থানে নানাভাবে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করে তুলছে। 

তাই ভবিষ্যতে এরকম কর্মকাণ্ড করলে ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শেরপুরের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অন্যান্য অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ।

সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হযরত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক এবিএম মামুনুর রশীদ পলাশ, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শফিউল আলম চাঁন প্রমূখ। 
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সভাপতি আতাহারুল ইসলাম, জেলা ছাত্রদলের সভাপতি নাঈম হাসান উজ্জল প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত