পাতা শুকানোর জেরে মা ছেলেকে কুপিয়ে জখম

মাদারীপুরের ডাসার উপজেলায় পাতা শুকানো নিয়ে কথা-কাটাকাটির জের ধরে মা ও ছেলেকে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার পূর্ব বোতলা গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন ওই গ্রামের তৈয়ব আলী মাতুব্বরের স্ত্রী মমতাজ বেগম (৫২) ও তার ছেলে ফেরদাউস মাতুব্বর (১৮)। অভিযুক্ত করিম মাতুব্বর একই এলাকার আনসার উদ্দিন মাতুব্বরের ছেলে। আহতদের মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বোতলা গ্রামের তৈয়ব আলী মাতুব্বরের সঙ্গে চাচাতো ভাই করিম মাতুব্বরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। গতকাল দুপুরে তৈয়ব আলী মাতুব্বরের স্ত্রী মমতাজ বেগম বিরোধপূর্ণ জমিতে গাছের পাতা রোদে শুকাতে গেলে বাধা দেন করিম ও তার লোকজন। একপর্যায়ে মমতাজ বেগমের ওপর হামলা করলে মায়ের চিৎকার শুনে ছেলে ফেরদাউস এগিয়ে এলে মা ও ছেলে দুজনকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় অভিযুক্তরা।

আহত ফেরদাউস মাতুব্বর বলেন, ‘ওই জমি নিয়ে অনেক আগে থেকে তাদের সঙ্গে সমস্যা। তবে আমার মা রোদে পাতা শুকাতে গিয়েছে, অন্য কিছু না। এর জন্য আমার চাচা করিমের লোকজন আমাকে ও আমার মাকে কুপিয়ে জখম করেছে। আমরা মামলা করব। আমরা এ ঘটনার বিচার দাবি করছি।’ অভিযুক্ত কাউকে এলাকায় পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া যায়নি। মাদারীপুরের পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, ‘বিষয়টি ডাসার থানার পুলিশকে অবগত করা হয়েছে। হামলাকারীদের ধরতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।’