জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রে পরীক্ষা দিতে এসে তীব্র তাপপ্রবাহের কারণে সাজিদ হাসান আলিফ নামের এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। আজ শনিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১১ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। জবির মেডিকেলে চিকিৎসা না পেয়ে পরে তাকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
কেন্দ্রে কর্তব্যরত শিক্ষক জানান, হঠাৎ খেয়াল করি একটি ছেলে খুব ঘামাচ্ছে। তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল টিমকে ডাকা হয়, প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক মিতা শবনম বলেন, অতিরিক্ত গরম, টেনশন থেকে ছেলেটির এমন অবস্থা হতে পারে। তার প্রেশার অনেক বেশি, গতরাত জেগে ছিল, ৪টা কফি খেয়েছে, সঙ্গে ডিম। প্রেশার কনট্রোলে আসছে না, তাই আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্স করে নিকটবর্তী ন্যাশনাল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।