পানিতে ডুবে অসুস্থ ইবি শিক্ষার্থী হাসপাতালে ভর্তি

আপডেট : ২৯ জুলাই ২০২৬, ০৭:২৫ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পুকুরের পানিতে ডুবে অচেতন এক শিক্ষার্থীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে ইবির প্রক্টর অফিস। বুধবার (২৯ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

অসুস্থ ইয়াসীর আরাফাত সাজ্জাদ ইবির আইন বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

প্রক্টর অফিস জানায়, বৃষ্টিতে ভেজার পর দুই বন্ধু ইউসুফ ও সাজ্জাদ গোসলের উদ্দেশ্যে পুকুরে নামে। পুকুরে নেমে তারা সাঁতার কেটে এক পার থেকে অন্য পাড়ে যাওয়ার চেষ্টাকালে পুকুরের মাঝখানে যাওয়ার পর শিক্ষার্থী সাজ্জাদ ডুবে যান। এসময় অপরপাড়ে শিক্ষার্থী ইউসুফ তাকে ডুবতে দেখে চিৎকার শুরু করে। পরে পুকুর পারে থাকা অন্যান্য শিক্ষার্থীরা দ্রুত সাজ্জাদ হোসেনকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। 

ইবি মেডিকেল সেন্টারের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার জাকিয়া বলেন, সাজ্জাদ নামের শিক্ষার্থীকে অচেতন অবস্থায়  এখানে আনা হয়েছিল। আমরা তার পেটে চাপ দিয়ে পানি বের করি এবং তাৎক্ষনিক প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করার ব্যবস্থা করেছি। ওই রোগীর ফুসফুসের পানি  বের করার মতো প্রয়োজনীয় সরঞ্জামাদি না থাকায় তাকে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান জানান, ইবি পুকুরে ডোবা শিক্ষার্থী সাজ্জাদ হোসেনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। শিক্ষার্থীদের পুকুরে নামার বিষয়ে আরও সতর্কতা হওয়ার পরামর্শ দিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত