'বিজয় ফিস্টের' খাবার খেয়ে রাবির ৮৩ শিক্ষার্থী অসুস্থ, তদন্ত কমিটি গঠন

আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ০৮:১১ পিএম

গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘বিজয় ফিস্টে’র খাবার খেয়ে বিজয়-২৪ হলের ৮৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। এ ছাড়া অসুস্থ শিক্ষার্থীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ করেছে কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজয় চব্বিশ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক জামিরুল ইসলাম। তিনি বলেন, ‘বিজয় ফিস্টের খাবার খেয়ে হলের ৮৩ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন। কারও গ্যাস্টিক ও কারও ফুডপয়জনিংজনিত সমস্যা হয়েছে। তবে সবাই আশঙ্কামুক্ত। অসুস্থদের খাবার স্যালাইন দেওয়া হয়েছে। এ ছাড়া ঘটনা তদন্তে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

গতকাল মঙ্গলবার চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে বিজয় ফিস্টের আয়োজন করা হয়। আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীরা ৫০ টাকা ফি দিয়ে টোকেন সংগ্রহ করে এই খাবার খেয়েছেন। খাবারের নিম্নমান নিয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ক্ষোভ প্রকাশ করেন অনেক শিক্ষার্থীরা। আজ বিজয় চব্বিশ হলের বেশকয়েকজন শিক্ষার্র্থী অসুস্থ হয়েছেন বলে ফেসবুকে জানান। এরপরই আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিজয়-২৪ হলের ১৩২ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী সাগর আহসান বলেন, ‘খাবার খাওয়ার পর পেটে ব্যথা অনুভব করি। রাতেও খাবার খেতে পারি নাই। পরে সকালে মেডিকেলে গিয়ে চিকিৎসা নিয়েছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত