আগের দিন কলকাতার বিপক্ষে ২৬২ রানের টার্গেট ৮ বল বাকি রেখেই জয় পেয়েছিল পাঞ্জাব। তবে আজ দিল্লির মাঠে পাঞ্জাবের মতো কীর্তি গড়তে পারল না মুম্বাই ইন্ডিয়ান্স। দিল্লি ক্যাপিটালস আগে ব্যাট করে তুলেছিল ২৫৭ রান। মুম্বাইয়ের ইনিংস থামে ২৪৭ রানে।
১০ রানে জিতেছে দিল্লি। ইনিংসের শেষ ৩ ওভারে মুম্বাইয়ের দরকার ছিল ৬৪ রান। তবে তিলক ভার্মা ও টিম ডেভিড ক্রিজে থাকায় সম্ভব বলে মনে হয়েছিল। এবারের আইপিএলে প্রতিনিয়ত ব্যাটসম্যানরা যা করছেন তাতে কোন রানই যেন নিরাপদ নয়।
১৮তম ওভারের প্রথম তিন বলে টিম ডেভিড দুই ছক্কা ও এক চারে লক্ষ্যের আরও কাছে নিয়ে গেলেন। তবে চতুর্থ বলে ডেভিডকে (১৭ বলে ৩৭) ফেরান মুকেশ কুমার। তবু তিলকে ভর করে মুম্বাইয়ের সংগ্রহ ১৯তম ওভার শেষে ২৩৩। কিন্তু ২০তম ওভারের প্রথম বলে তিলকের (৩২ বলে ৬৩) রান আউটে শেষ হয় মুম্বাইয়ের জয়ের স্বপ্ন।
আজ নায়ক হওয়ার বড় সুযোগ ছিল হার্দিক পান্ডিয়ার। পান্ডিয়া আজ ২৪ বলে ৪৬ রান করেন। এছাড়া ইমপ্যাক্ট হিসেবে নেমে সূর্যকুমার যাদব করেন ১৩ বলে ২৬। ৩৪ রানে ৩ উইকেট দিল্লির রাশিক সালাম।
তার আগে ম্যাকগার্কের ২৭ বলে ৮৪, স্টাবসের ২৫ বলে অপরাজিত ৪৮ ও শাই হোপের ১৭ বলে ৪১ রানে ভর করে দিল্লি করেছিল ৪ উইকেটে ২৫৭।