আইপিএলে মুম্বাইয়ের নতুন কোচ হলেন কে

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১২:২৭ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি অলরাউন্ডার কাইরন পোলার্ড। এতদিন মুম্বাইয়ের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করে আসা পোলার্ডকে নতুন এই বড় দায়িত্ব দিল ফ্র্যাঞ্চাইজিটি। চলতি মাসের শুরুর দিকে সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে প্রধান কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পর পোলার্ডকেই এই শূন্য পদে স্থলাভিষিক্ত করা হলো।

আজ শনিবার (২৪ অক্টোবর) এক আনুষ্ঠানিক বিবৃতিতে মুম্বাই ইন্ডিয়ান্স পোলার্ডের প্রধান কোচ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

নতুন এই দায়িত্ব পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে পোলার্ড বলেন, “মুম্বাই ইন্ডিয়ান্সের প্রধান কোচের দায়িত্ব নেওয়া আমার জন্য অত্যন্ত সম্মানের। মুম্বাই ইন্ডিয়ান্স আমার জীবন ও ক্যারিয়ারের একটি বিশাল অংশ। দল, খেলোয়াড় এবং ‘পল্টনের’ (মুম্বাই সমর্থক) সাথে আমার যে গভীর সম্পর্ক রয়েছে, তা আমার কাছে অনেক বড় বিষয়। খেলোয়াড় এবং পরবর্তীতে কোচ হিসেবে কাজ করার অভিজ্ঞতা থেকে আমি বুঝি মুম্বাই ইন্ডিয়ান্স কীসের প্রতিনিধিত্ব করে। দলের নীল ও সোনালি জার্সি পরার সঙ্গে যে দায়িত্ব জড়িত, তা নিয়ে আমি সচেতন। প্লেয়ার ও সাপোর্ট স্টাফদের সাথে মিলে দলের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।”

পোলার্ডের এই নতুন পদোন্নতিকে স্বাগত জানিয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের সহ-মালিক নীতা আম্বানি বলেন, “২২ বছর বয়সে তরুণ হিসেবে পোলার্ড মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দিয়েছিল, আর গত ১৬ বছরে সে আমাদের পরিবারের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। খেলোয়াড় হিসেবে সে আমাদের অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে, আর কোচ হিসেবে নিজের গভীর অভিজ্ঞতা শেয়ার করেছে। সে ভালোভাবে জানে এমআই জার্সির মর্যাদা কী। আমি বিশ্বাস করি নতুন এই ভূমিকাতেও সে একই রকম প্রতিশ্রুতি ও সংকল্প নিয়ে কাজ করবে।”

আইপিএলে ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত কেবল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েই খেলেছেন কাইরন পোলার্ড। খেলোয়াড়ি জীবনে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ১৮৯টি ম্যাচে ৩,৪১২ রান সংগ্রহের পাশাপাশি ৬৯টি উইকেট শিকার করেন তিনি। ২০১৩, ২০১৫, ২০১৭, ২০১৯ এবং ২০২০ সালের আইপিএলজয়ী দলের অংশ ছিলেন।

২০২২ মৌসুমে আইপিএল খেলোয়াড়ি জীবন থেকে অবসর নেওয়ার পর ২০২৩ সাল থেকে তিনি মুম্বাইয়ের ব্যাটিং কোচের পদে দায়িত্ব পালন শুরু করেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত