মে থেকে উড়তে চায় ইথিওপিয়ান এয়ারলাইনস এয়ার চায়না 

বাংলাদেশে ফ্লাইট চালুর প্রস্তুতি নিচ্ছে ইথিওপিয়ান এয়ারলাইনস ও এয়ার চায়না। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চূড়ান্ত অনুমোদন পেলেই আগামী মে মাস থেকে ফ্লাইট শুরু করবে এয়ারলাইনস দুটি। শাহজালাল বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডেলিং সেবা দিতে এরই মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসকেও প্রস্তুতি নিতে বলেছে বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান এ প্রসঙ্গে বলেন, ঢাকায় ফ্লাইট পরিচালনার অনুমতি চেয়েছে ইথিওপিয়ান এয়ারলাইনস ও এয়ার চায়না। আগামী মাস থেকেই এয়ারলাইনস দুটি যাতে ঢাকায় ফ্লাইট শুরু করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে এ বিষয়ে অবহিত করা হয়েছে।

জানা গেছে, ইথিওপিয়ান এয়ারলাইনস বর্তমানে ঢাকা থেকে অফলাইনে তিনটি সাপ্তাহিক নন-শিডিউল কার্গো ফ্লাইট পরিচালনা করছে। আগামী মাস থেকে ইথিওপিয়ান এয়ারলাইনস আদ্দিস আবাবা এবং ঢাকার মধ্যে যাত্রীবাহী ফ্লাইট শুরু করার প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া ভবিষ্যতে সরাসরি কার্গো ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। ইথিওপিয়ান এয়ারলাইনস ১৪৭টি উড়োজাহাজের মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করছে। যাত্রী বহন, বহরের আকার এবং আয়ের দিক থেকে এটি আফ্রিকার বৃহত্তম এয়ারলাইনস। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম এয়ারলাইন হিসেবে স্থান পেয়েছে।

এদিকে আগামী মে মাস থেকেই বাংলাদেশ থেকে চীনের বেইজিং রুটে প্রথমবারের মতো ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে চীনের প্রধান ও পতাকা বহনকারী বিমান পরিবহন সংস্থা এয়ার চায়না। বাংলাদেশ থেকে মূলত ব্যবসায়ী এবং শিক্ষার্থীরাই নিয়মিতভাবে চীনে যাতায়াত করেন।