মুজিবনগরে আ.লীগের দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

মেহেরপুরের মুজিবনগর উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে মহাজনপুর ইউনিয়নে আওয়ামী লীগের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। অবস্থা খারাপ হওয়ায় আহত একজনকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার পর থেকে মুজিবনগর উপজেলার মহাজনপুর, তারানগর ও রশিকপুর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

স্থানীয়রা জানান, নির্বাচনী প্রচার অফিসকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতার সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষের কর্মী-সমর্থকরা ইটপাটকেল, লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হলে তাদের নেওয়া হয় মেহেরপুর ২৫০ শয্যার হাসপাতালে। পরে আহতদের মধ্যে তোতার সমর্থক ইসলাম শেখকে (৬০) গুরুতর অবস্থায় পাঠানো হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

ঘটনা প্রসঙ্গে রফিকুল ইসলাম তোতার অভিযোগ রাত সাড়ে ১০টার দিকে আমাম হোসেন মিলুর কিছু সমর্থক আমাদের মহাজনপুর বাজারের একটি অফিসে হামলা চালিয়ে তা ভাঙচুর করে। এতে ক্ষিপ্ত হয়ে তার সমর্থকরা প্রতিরোধে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

অন্যদিকে, আমাম হোসেন মিলু জানান, আমাদের সমর্থকরা মহাজনপুর গ্রামে একটি নির্বাচনী অফিস উদ্বোধনের জন্য রফিকুল ইসলাম তোতার নির্বাচনী অফিসের সামনে দিয়ে যাওয়ার সময় তার সমর্থকরা আমাদের সমর্থকদের ওপর হামলা চালায়। পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলেই জড়িতদের চিহ্নিত করতে পারবে।

এ ব্যাপারে মুজিবনগর থানার ওসি উজ্জ্বল কুমার দত্ত বলেন, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত। উপজেলার মহাজনপুর, তারানগর ও রশিকপুর গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে। পুলিশ প্রকৃত ঘটনার উৎস এবং জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে মাঠে নেমেছে।