বড়াইগ্রামে দিনমজুর ভাতিজার ঘর ভেঙে ও গাছ কেটে নিজেদের চলাচলের বাড়তি রাস্তা তৈরি করছেন প্রভাবশালী চাচা। বর্তমানে ওই জমির এক পাশে জোর করে মাটি ফেলে ভরাট করছেন তিনি। বাধা দিতে গেলে ভাতিজাকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় যেকোনো সময় প্রাণহানিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, প্রায় ২৫ বছর আগে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের লোকমান মন্ডলের ছেলে আজাদ আলীকে তার দাদা খোকা মন্ডল পৌনে ১২ শতাংশ জমি রেজিস্ট্রি করে দেন। পরে আজাদ রাস্তা সংলগ্ন ওই জমির গর্ত ভরাট করে বাড়ি বানিয়ে বসবাস করে আসছেন। কিন্তু কিছু দিন যাবৎ তার চাচা কাজিম উদ্দিন বসতঘরের একাংশসহ আজাদের ভোগদখলে থাকা ভিটা জমির অর্ধেকটা নিজের বলে দাবি করেন। কাজিম উদ্দিন কয়েক দিন যাবৎ জোর করে আম ও মেহগনিসহ কমপক্ষে ১০টি গাছ কেটে নিয়েছেন। এমনকি গতকাল শনিবার থেকে ওই ভিটাতে শ্রমিক দিয়ে মাটি ফেলছেন তিনি।
এ ব্যাপারে আজাদ আলী বলেন, চাচা আমার বসতঘরের একাংশসহ রান্নাঘর, টিউবওয়েল ও বাথরুম ভেঙে জোর করে জমি দখল করে নেওয়ার চেষ্টা করছেন। আমার লাগানো গাছগুলো কেটে নিয়েছেন। ঘর ভেঙে ভিটা দখল করে নিলে স্ত্রী-সন্তানদের নিয়ে আমি কোথায় যাব? কাজিম উদ্দিন বলেন, ভাতিজার বাড়িটি সরকারি রাস্তার সঙ্গে হলেও আমার বাড়ি একটু ভেতরে। যদিও চলাচলের মতো রাস্তা আছে, তবু আমি সরকারি রাস্তার দিকে লম্বালম্বিভাবে ভাগ করে দখল নিতে চাই। এজন্য ভাতিজার বাড়ি ভাঙতে হলেও করার কিছু নেই। বড়াইগ্রাম থানার ওসি শফিউল আজম খান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।