নবাবগঞ্জে সরকারি জমি উদ্ধার

ঢাকার নবাবগঞ্জে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ৪০ শতাংশ সরকারি জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার উপজেলার কাশিমপুর এলাকায় অভিযান চালিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এ জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল হালিম।

তিনি বলেন, উপজেলার সদর কলাকোপা ইউনিয়নের কাশিমপুর মৌজার ১ নম্বর খাস খতিয়ানভুক্ত ৪০ শতাংশ সরকারি সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকান ও রেস্তোরাঁ নির্মাণ করে ভাড়া দিয়েছিল স্থানীয় একটি প্রভাবশালী চক্র। জমিটির বাজারমূল্য আনুমানিক ৬ কোটি টাকা। শনিবার ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান সোহেলের তত্ত্বাবধানে অভিযান চালিয়ে জমি সরকারের পুনর্দখল ও নিয়ন্ত্রণে নেওয়া হয়।