লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের নন্দনপুর থেকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়ন পরিষদসহ পাঁচটি ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ রবিবার। নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহড়া দেন। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দক্ষিণ হামছাদী ইউনিয়নে টহল দেওয়ার সময় ‘নির্বাচনী এলাকায় বহিরাগত’ হিসেবে দেখতে পান জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজকে। তিনি ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মীর শাহ আলমকে নিয়ে মোটরসাইকেলযোগে চলাচল করছিলেন। এ সময় পথে পুলিশ গতিরোধ করে ইমতিয়াজকে আটক করে।
সদর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার বলেন, ‘এসপি স্যারের নির্দেশে তাকে আটক করা হয়েছে।’