জাতীয় দল ছেড়ে সাকিব কেন ডিপিএলে, যা বললেন নির্বাচক

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম তিন ম্যাচের ঘোষিত দলে নেই সাকিব আল হাসান। ঐ সময়টাতে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে তিনি খেলবেন ঢাকা প্রিমিয়ার লিগে। টুর্নামেন্টের সুপার লিগে আবাহনীর বিপক্ষে ম্যাচটিতে তাকে পায়নি দল। তবে শেষদিকের দুটি ম্যাচ খেলতে আগ্রহী সাকিব নিজেই। জাতীয় দলের খেলা ছেড়ে কেন ক্লাবের ম্যাচে? এ নিয়ে সমালোচিত হতে হয়েছে সাকিবকে।

তবে বিসিবির নির্বাচক হান্নান সরকারও সাকিবের সিদ্ধান্তে সায় দিয়েছেন। বলেছেন, নির্বাচকদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার।

দল ঘোষণার পর এক ভিডিওবার্তায় হান্নান সরকার বলেন, ‘সাকিব ৩০ তারিখ দেশে আসবে। সে ডিপিএলের দুটি ম্যাচ খেলতে চায়। আমরা মনে করেছি, নিজেকে প্রস্তুত করার জন্য যে সময়টা প্রয়োজন, তা আসলে টি-টোয়েন্টিতে থাকে না। ৫০ ওভারের ক্রিকেটে সেই সময়টা পাওয়া যায়। ব্যাটিং বোলিংয়ের মাধ্যমে নিজেকে ঝালিয়ে নেওয়া যায়। তাই প্রথম তিন ম্যাচের দলে আমরা তাকে রাখিনি।’

তবে ঢাকা পর্বে সিরিজের শেষ দুটি ম্যাচে তাকে পাওয়া যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচক। সাকিবের জায়গায় দলে ফিরেছেন আফিফ হোসেন। গত বছর মাউন্ট মঙ্গানুইতে সবশেষ টি-টোয়েন্টি ম্যাচটি খেলেছিলেন আফিফ।

মোস্তাফিজের দলে না থাকার ব্যাখ্যায় হান্নান সরকার বলেছেন, ‘মোস্তাফিজ আসলে লম্বা সময় ধরে খেলার মধ্যে আছে। বিপিএল, ঘরের মাঠে শ্রীলঙ্কা সিরিজ শেষে আইপিএলে চলে গেছে। তার মেন্টাল এবং ফিজিক্যাল রিকভারির প্রয়োজন আছে। সে আসলে যেকোনো একটা পর্শনে বিশ্রাম চেয়েছিল। তাই আমরা প্রথম তিন ম্যাচে তাকে বিবেচনায় রাখিনি। পরের দুটোতে হয়তো তাকে আমরা রাখতে পারি।’

এই সিরিজ দিয়ে চোট কাটিয়ে দেড় বছর পর দলে ফিরেছেন সাইফউদ্দিন। তাকে অলরাউন্ডার হিসেবে বিবেচনা করা হয়েছে জানিয়ে হান্নান বলেন, ‘পেস বোলিংয়ে সাইফউদ্দিনকে আমরা অলরাউন্ডার হিসেবেই চিন্তা করেছি। জিম্বাবুয়ে সিরিজে সে এই রোলটাই প্লে করার চেষ্টা করবে।’

এছাড়া চোট কাটিয়ে সৌম্য এখনও পুরোপুরি ফিট হতে পারেননি। বিসিবির মেডিকেল বোর্ডও সম্মতি দেয়নি। তাই প্রথম তিন ম্যাচের স্কোয়াডে জায়গা হয়নি তার।